
ভোলা প্রতিনিধি l katha24.com
ভোলা–২ (বোরহানউদ্দিন–দৌলতখান) সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।
জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের পক্ষে নুর ইসলাম আলমের দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ নোটিশ জারি করেন অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. সুমন হোসেন।
নোটিশ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী ও তার সমর্থকেরা বোরহানউদ্দিন বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সময় বিএনপি প্রার্থীর সমর্থকেরা তাদের ওপর পরিকল্পিত হামলা চালায়। এ ঘটনায় শারীরিক আঘাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়।
বিচারিক কমিটির মতে, এ ঘটনা The Representation of the People Order, 1972–এর Article 77(1) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫–এর বিধি ৬(ক) লঙ্ঘনের শামিল।
নোটিশে আরও বলা হয়, কেন বিএনপি প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমসহ অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না—সে বিষয়ে আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় দৌলতখান সিভিল জজ আদালতে অবস্থিত অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে হবে।
এ বিষয়ে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম বলেন,
“নির্বাচনী মাঠে এসব বিষয় আমার এজেন্টরাই দেখাশোনা করে। বিস্তারিত তাদের কাছ থেকেই জানা যাবে।”
অন্যদিকে, তার প্রধান নির্বাচনী এজেন্ট ও মামাতো ভাই আকবর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন ভোটকে কেন্দ্র করে ভোলা–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।